
সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌরসভার ৪ হাজার ৬২৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
গত ১২ মার্চ সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এ সময় পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। তিনি বলেন, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সঠিকভাবে সহায়তা পান সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পৌরসভা ও প্রশাসন যৌথভাবে কাজ করছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাশত করা হবে না এবং প্রতিটি কার্ডধারী পরিবার যেন নির্ধারিত ১০ কেজি করে চাল পায় তা নিশ্চিত করা হচ্ছে।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম. রকিবুল হাসান রতনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।