
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মারুফ হোসেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকারের বরাদ্দ অনুযায়ী ইউনিয়নের ৩ হাজার ৩৬১ জন সুবিধাভোগী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে হতদরিদ্র মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রেকাব আলী, ইউপি সদস্য মো. চান হোসেন, মো. শাহ আলী, বাহাদুর ইসলাম, মো. আ. আলীম, মো. আশরাফ, মো. মইন উদ্দিন ও মো. মামুন চৌধুরী, সংরক্ষিত নারী সদস্য মোছা. শহানাজ পারভীন, মোছা. সাজেদা খাতুন ও মোছা. শিল্পী খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মারুফ হোসেন বলেন, তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
উপকারভোগীরা জানান, ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।