গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার প্রথম পাতায় “বাগবার্টিতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে মারপিট ও ভাঙচুর” শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশে আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, আমি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে যোগদানের পর থেকে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থেকে ইউপি সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছি এবং একক সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছি। এছাড়া আমাকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট দেখিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
আমি দৃঢ়ভাবে জানাচ্ছি যে, উল্লিখিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। প্রকাশিত সংবাদটি বাস্তবতার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রকৃত ঘটনা হলো—আমি মোঃ মাসুদ রানা, প্রশাসনিক কর্মকর্তা (সচিব), ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। গত ১৫/০৩/২০১৬ ইং তারিখে উক্ত ইউনিয়ন পরিষদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঐদিন পূর্ব শত্রুতার জের ধরে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু রায়হান বহিরাগত লোকজন ও তার সহযোগীদের নিয়ে আমার ওপর হামলা চালায় এবং আমাকে মারধর করে। প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়াকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে আসছিলেন এবং বিভিন্নভাবে আমাকে দোষারোপ করে আসছিলেন। এমনকি তিনি মনে করতেন যে, আমি ইউএনও মহোদয়ের কাছে তার সম্পর্কে ভুল তথ্য প্রদান করেছি—এ ধারণা থেকেই তিনি এ হামলা পরিচালনা করেন।
ঘটনার দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণের তৃতীয় দিন ছিল। চালের ডিও ছিল ইউপি সদস্য মোঃ আঃ মান্নানের নামে। বিতরণ কার্যক্রমে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন— মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুহল আমিন,মোঃ আঃ মান্নান,মোঃ আঃ মমিন এছাড়া ট্যাগ অফিসার হিসেবে সিরাজুল মনির এবং প্রশাসক আতিকুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন। চাল যথাযথ নিয়মে সঠিকভাবে বিতরণ করা হয়েছে এবং বিষয়টি ইউএনও মহোদয় অবগত আছেন।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কর্তৃক সংঘটিত এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ মাসুদ রানা
প্রশাসনিক কর্মকর্তা (সচিব)
২নং বাগবাটী ইউনিয়ন পরিষদ
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।