
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন
পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে হাফেজে কুরআনদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ ২০২৬, ২৩ রমজান ১৪৪৭ হিজরি) মৌলভীবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মহসিন আহমদ এর সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল। তিনি বলেন, “কুরআনের হাফেজরা সমাজের গর্ব ও আলোকবর্তিকা। কুরআনের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হলে হাফেজদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম বলেন, “কুরআন শুধু মুখস্থ করলেই দায়িত্ব শেষ নয়; বরং কুরআনের শিক্ষা, আদর্শ ও নৈতিকতা নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

অনুষ্ঠানের শেষে হাফেজে কুরআনদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।