
রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ডোমার উপজেলার ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ উত্তীর্ণ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৭ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরেফীন ইসলাম ও প্রাপ্তী দেব বর্মার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তপন কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল মান্নান ও মো. আবু হাতেম।
আয়োজকরা জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।