
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ সেলিম রেজা নির্বাচনে বিজয়ের পর সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে তিনি বিএনপি দলীয় প্রার্থী থাকলেও নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এ আসনের সকল দল, মত, শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি কঠোরভাবে বলেন, কে তাকে ভোট দিয়েছে বা দেয়নি—এ ধরনের কোনো যাচাই-বাছাই করা যাবে না। এ নিয়ে কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ড তার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আসনের ৩ লাখ ৮৫ হাজার ৫৪ জন ভোটারের প্রত্যেকের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন বলে তিনি মনে করেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা মহান আল্লাহর কাছে সোপর্দ করার আহ্বান জানান।
এ বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায় সংশ্লিষ্টদেরকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে গেলে তা কঠোরভাবে দমন করা হবে এবং এতে জড়িত কেউ তার আপনজন হলেও ছাড় দেওয়া হবে না। একটি সুন্দর, মানবিক ও সৌহার্দপূর্ণ কাজিপুর গড়তে তিনি বদ্ধপরিকর বলেও জানান।
নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে বিজয়ী করায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বিলবোর্ড ও লিফলেট স্ব-স্ব উদ্যোগে অপসারণ করে এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। অন্য প্রার্থীদের প্রতিও একই আহ্বান জানান তিনি।